পটুয়াখালীর কলাপাড়ায় এক সৌদিপ্রবাসীর স্ত্রীর সঙ্গে একই কক্ষে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে মহিপুর থানা যুবদল। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) থানা যুবদলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া ওই নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি উপজেলার ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মহিপুর থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোলাম মোর্তুজার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর সঙ্গে একই কক্ষে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হন গোলাম মোর্তুজা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় যুবদল।
আরও
এ বিষয়ে বক্তব্য জানতে মো. গোলাম মোর্তুজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











