‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না, স্বর্ণা!’—এমন আবেগঘন কথায় লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে। চিঠির শেষে আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’
শনিবার (২১ নভেম্বর) সকালে প্রায় পাঁচ মাস পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা এই চিঠিটি পাওয়া যায়।
সাধারণ কাগজে হাতে লেখা ছোট্ট চিরকুটে স্বর্ণা নামের একজনকে ভুলতে না পারার কথা জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। শুধু তা-ই নয়, স্বর্ণার মনে নিজের জন্য একটু জায়গা করে দেওয়ার প্রার্থনাও জানিয়েছেন তিনি। তবে চিঠিটি কে লিখেছেন কিংবা স্বর্ণা কে, সে বিষয়ে কোনো পরিচয় জানা যায়নি।
আরও
বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই মানুষের নানা আবেগ, অনুভূতি ও মনের আকাঙ্ক্ষার কথা লেখা চিঠি পাওয়া যায়। কেউ লেখেন রোগমুক্তির প্রার্থনা, কেউ চান সন্তান, আবার কেউ প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি জানান। এবার সেই তালিকায় যুক্ত হলো স্বর্ণার মনে জায়গা পাওয়ার এই চিঠি। ধর্ম-বর্ণনির্বিশেষে নানা নিয়ত ও মানত নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ এ মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন; বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।










