সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ ঝটিকা অভিযানে পর পর দুটি বাল্যবিয়ে পণ্ড করা হয়েছে। আকস্মিক এই অভিযানে অপ্রাপ্তবয়সী মেয়েদের বিয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করার পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। একই সঙ্গে আগামী সোমবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তালা উপজেলার কুমিরার পৃথক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি হয় কুমিরার হাজরাপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল সেখানে পৌঁছালে অভিযানের টের পেয়ে অপ্রাপ্তবয়স্ক বর ওসমান গাজী কনেকে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। তবে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে আগামী সোমবার ইউএনও অফিসে হাজির হওয়ার নির্দেশ দেয় প্রশাসন।
এদিকে প্রথম বিয়েটি ভেঙে দিয়ে ফেরার পথেই স্থানীয়দের খবরে কুমিরা মধ্যপাড়া এলাকায় আরও একটি বাল্যবিয়ের আসরে হানা দেয় প্রশাসন। সেখানে দশম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। প্রশাসন ও পুলিশ দ্রুত ওই বিয়েটিও সফলভাবে বন্ধ করে দেয় এবং মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করে। তালা উপজেলার ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা দুটি বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।











