যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস এবং বাণিজ্যিক ট্রাক চালানোর অভিযোগে ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। সম্প্রতি পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে, আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) স্থানীয় সময় সোমবার (১ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনার ইউমা সেক্টরে বর্ডার প্যাট্রোল এজেন্টরা ‘অপারেশন চেকমেট’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে ৩৬ জনই ছিলেন বাণিজ্যিক ট্রাকচালক।
আটক হওয়া এই ৩৬ জন ট্রাকচালকের মধ্যে ৩০ জনই ভারতীয় নাগরিক। বাকি ছয়জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার অধিবাসী। সিবিপি জানিয়েছে, আটক হওয়া বেশ কয়েকজনের কাছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। আবার কয়েকজনের কাছে কোনো ধরনের লাইসেন্সই পাওয়া যায়নি। তবে তাঁদের অধিকাংশের কাছেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ইস্যু করা কর্মসংস্থান অনুমোদনের নথি ছিল, যেগুলোর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেডারেল আইন অনুযায়ী তাঁদের সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
আরও
মূলত অভিবাসন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারী এবং ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করে জননিরাপত্তা নিশ্চিত করাই ‘অপারেশন চেকমেট’-এর প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রোল এজেন্ট ডাস্টিন কডল এই অভিযান সম্পর্কে বলেন, অবৈধভাবে অবস্থানকারী এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ চালকদের হাত থেকে সড়ক নিরাপদ রাখার অঙ্গীকার থেকেই এই অভিযান পরিচালিত হয়েছে। সারা দেশে মারাত্মক সড়ক দুর্ঘটনা রোধে ফেডারেল এজেন্টরা নিয়মিত টহল অব্যাহত রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে মার্কিন পরিবহন বিভাগ সম্প্রতি একটি কড়া নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশনায় অযোগ্য বিদেশি চালকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স দেওয়া পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক যানবাহন চালানোর সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালক গ্রেপ্তার ও অভিযুক্ত হওয়ার পর প্রশাসন এই কঠোর অবস্থানে গেল।










