ওমানের মাস্কাটে একদিনের অভিযানেই ৬৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড এবং আল সিব স্পেশাল অপারেশনস পুলিশ ইউনিটের যৌথ অভিযানে এশিয়া ও আফ্রিকার এই নাগরিকদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ওমানের শ্রম ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের পাশাপাশি জননীতির পরিপন্থী নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
এদের মধ্যে অনেকেই লাইসেন্সবিহীন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, যার মধ্যে মদ ও তামাকজাত দ্রব্য বিক্রি অন্যতম। আবার অনেকেই ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করছিলেন। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ৩০ অক্টোবর একই ধরনের আরেকটি বড় অভিযান চালায় মাস্কাট পুলিশ। স্পেশাল টাস্ক পুলিশ কমান্ডের সহযোগিতায় ওই অভিযানে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ১০৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮৪ জন নারী ছিলেন। মূলত শ্রম আইন অমান্য, অবৈধ বসবাস এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছিল।









