‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’—এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে আবু হানিফ লেখেন, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তাঁর মরদেহের ছবি দাবি করে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে তাঁর দীর্ঘদিনের প্রকাশ্যে অনুপস্থিতির বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে তিনি দীর্ঘ আড়াই বছর ধরে ভারতে আশ্রয়ে আছেন। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তাঁর প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নেই।
গণঅধিকার পরিষদের এই মুখপাত্র আরও উল্লেখ করেন, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথিত অডিও বার্তাগুলোকেও অনেকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। মূলত তাঁর প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনাকল্পনা তৈরি হয়েছে।
আরও
আবু হানিফ আরও লেখেন, শেখ হাসিনা বেঁচে আছেন—এটি প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটি অডিও পোস্ট করা হয়েছে। এমন পরিস্থিতিতে জনমনে আরও বেশি সন্দেহ তৈরি হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও যেহেতু শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন না, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’









