‘আকামা’ (রেসিডেন্সি ও ওয়ার্ক পারমিট) সংকটে পড়ে সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। বৈধ কাগজপত্র না থাকা ও আইনি জটিলতার এই অসহায়ত্বকে পুঁজি করে সেখানে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দালালচক্র। কাজ পাইয়ে দেওয়া, আকামা নবায়ন, কফিল পরিবর্তন কিংবা বৈধতা দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের কষ্টার্জিত লাখ লাখ টাকা। সরকারি কোনো একক তালিকা না থাকলেও বিভিন্ন গণমাধ্যমের অনানুষ্ঠানিক হিসাবে, সৌদি আরবে অবস্থানরত ৩০ থেকে ৩৮ লাখ বাংলাদেশির মধ্যে ১০ থেকে ১২ লাখেরই বৈধ আকামা নেই; তাঁদের অনেকের নাম রয়েছে ‘হুরুব’ (পলাতক) তালিকায়। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য আইনি জটিলতায় দেশটির বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী প্রবাসীদেরই একজন ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা সোহেল। কয়েক বছর আগে ‘ফ্রি ভিসায়’ সৌদি আরবে গিয়ে দেখেন, কাগজে-কলমে থাকা কফিলের (নিয়োগকর্তা) কাছে দেওয়ার মতো কোনো কাজ নেই; উল্টো তিনি প্রতি মাসে ৫০০ রিয়াল দাবি করেন। পরে দালালের মাধ্যমে একটি চীনা কনস্ট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ নেন সোহেল। তাঁর অভিযোগ, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা লেবার সাপ্লাইয়ার মানিক হাওলাদার ও ম্যানেজার নিরব হাওলাদার গত মে মাসে ১০ জন বাংলাদেশি ও ১০ জন পাকিস্তানি শ্রমিককে কাজে নেন। দৈনিক ১৫ ঘণ্টা পরিশ্রম করিয়ে ১২ ঘণ্টার হিসাব ধরে মজুরির ৭০ শতাংশই পকেটে ভরতেন দালালেরা। পাঁচ মাস কাজ করিয়ে ঈদের সময় জনপ্রতি মাত্র দুই হাজার রিয়াল দেওয়ার পর বকেয়া টাকা চাইলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ জনকেই খালি হাতে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সংকটের সূত্রপাত হয় দেশ থেকেই। অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালালেরা ‘ফ্রি ভিসার’ লোভ দেখিয়ে কর্মী পাঠালেও সৌদি আইনে এমন কোনো ভিসার অস্তিত্ব নেই। কফিল কাজ না দেওয়ায় এবং প্রতিবছর মক্তব আমেল ও আকামা নবায়নের বিপুল খরচ জোগাতে না পেরে কর্মীরা অবৈধ হয়ে পড়েন। অনেক কফিল আবার ইচ্ছাকৃতভাবে কর্মীর বিরুদ্ধে ‘হুরুব’ অভিযোগ দিয়ে দেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম জানান, আকামাহীন প্রবাসীদের ঠকানোর এমন অভিযোগ অহরহ পাওয়া যায়, কিন্তু পুলিশের ভয়ে ভুক্তভোগীরা প্রতিবাদ করার সাহস পান না। বৈধ কাগজপত্র না থাকায় তাঁরা ভালো কাজ, স্বাস্থ্যবিমা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যাংক হিসাব ব্যবহার করতে না পারায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোও বন্ধ হয়ে গেছে, এমনকি জরুরি প্রয়োজনে দেশে ফেরাও হয়ে পড়েছে দুঃসাধ্য।
আরও
তবে দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে বাংলাদেশ ও সৌদি সরকারের দ্বিপক্ষীয় আলোচনায় সম্প্রতি কিছু ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, মূল কফিল আকামা নবায়ন না করলে কর্মীরা যেন সহজেই অন্য নিয়োগকর্তার অধীনে স্থানান্তর (কাফালা) হতে পারেন, সে সুযোগ তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া আঞ্চলিক সংঘাত ও ফ্লাইট বিপর্যয়ের কারণে ছুটিতে দেশে আটকে পড়া ২২ হাজারের বেশি প্রবাসীর মধ্যে যাঁদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁদের জন্যও ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পুনরায় প্রবেশের বিশেষ ছাড় দেওয়া হয়েছে।










