ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে সংগীত পরিবেশনের দায়ে ‘জনশালীনতা ক্ষুণ্ন করার’ অপরাধে গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাঁর ওপর এ শাস্তি কার্যকর করা হয়। ২০২৪ সালে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে অংশ নেওয়ার ঘটনায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। সংস্কারপন্থী ইরানি সংবাদমাধ্যম ইমতেদাদ ও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইনজীবী জানান, গত সেপ্টেম্বরে স্থানীয় ফৌজদারি আদালত সাজা বহাল রাখার পর আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার পবিত্র নগরী কোমের প্রাদেশিক কর্তৃপক্ষের কাছে হাজির হন পারাস্তু ও তাঁর প্রযোজনা দলের চার সদস্য। ২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তু আহমাদির ওই সংগীত পরিবেশনা অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে ‘অনৈতিক’ বিষয়বস্তু থাকার অভিযোগ তুলে কোমের ফৌজদারি আদালত তাঁকে ‘জনশালীনতা ক্ষুণ্ন করার’ অপরাধে দোষী সাব্যস্ত করেন। পরে আপিল করা হলেও আদালত সেই দণ্ড বহাল রাখেন।
বেত্রাঘাতের পাশাপাশি পারাস্তু ও তাঁর দলের আট সদস্যকে দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সময়ের জন্য তাঁদের সব ধরনের ‘শিল্পচর্চা’ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও
ইরানের প্রাচীন সিল্ক রোডের ঐতিহাসিক স্থাপনা দেইর-গাচিন কাফেলায় ওই কনসার্টের আয়োজন করেছিলেন পারাস্তু। তাঁর পরিবেশনায় জাতীয়তাবাদ ও গণ-অভ্যুত্থানের মতো বিষয় উঠে আসে। একই সঙ্গে ইরানের পোশাকবিধি অমান্য করে হিজাব ছাড়াই গান করেন তিনি। উল্লেখ্য, ইরানে নারীদের জনসমক্ষে গান গাওয়ার ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা রয়েছে এবং হিজাব পরা বাধ্যতামূলক। পারাস্তু আহমাদির ওই কনসার্টে এসব বিধিনিষেধ প্রকাশ্যেই অমান্য করা হয়েছিল। সূত্র : সিবিএস নিউজ










