জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি। মোজাম্মেল আলী আরও দাবি করেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল; তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন তিনি। এবার তার সঙ্গে যোগ হলো রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চাওয়ার বিষয়টি। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও
এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। তবে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।











