ওমানের আল সিব এলাকায় একটি গয়নার দোকানের কর্মচারীকে কৌশলে ব্যস্ত রেখে স্বর্ণালংকার চুরির অভিযোগে এশীয় বংশোদ্ভূত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানায়, দোকানে ঢুকে ওই দুই নারী প্রতারণার আশ্রয় নেন এবং গয়না দেখার ছলে বিক্রয়কর্মীর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেন।

সেই সুযোগে তাঁরা কয়েকটি স্বর্ণালংকার হাতিয়ে নেন। পুলিশের প্রকাশ করা সিসিটিভি ক্যামেরার ছবিতে বোরকা পরা দুই নারীকে কাউন্টারের সামনে কর্মচারীর সঙ্গে কথা বলতে দেখা গেছে। ঘটনার পর তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ (ডিরেক্টরেট জেনারেল ফর ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল রিসার্চ)।
আরও
দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের প্রতারণা ও চুরি ঠেকাতে গয়নার দোকানগুলোর মালিক ও কর্মচারীদের সব সময় বাড়তি সতর্ক থাকার পাশাপাশি সিসিটিভি নজরদারি জোরদার রাখার পরামর্শ দিয়ে থাকে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










