সর্বশেষ

কঠোর নিয়ম করল সৌদি, আওতায় পড়বে যারা

Saudi j;[''Web Popup (3)

সৌদি আরবে ব্যবসা করা বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কর চালু করতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এসব প্রতিষ্ঠানের ওপর ন্যূনতম ১৫ শতাংশ কর কার্যকর হবে। তবে দেশটিতে ব্যবসা করা সব প্রতিষ্ঠান এই করের আওতায় পড়বে না। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জেডএটিসিএ) জানিয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় অন্তত ৭৫ কোটি ইউরো (বা সৌদি রিয়ালে এর সমপরিমাণ), কেবল সেসব প্রতিষ্ঠানের জন্য নতুন এই কর প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে—কোনো বহুজাতিক গোষ্ঠীকে এই করের আওতায় আসতে হলে কর কার্যকরের আগের চার অর্থবছরের অন্তত দুটিতে নির্ধারিত আয়ের সীমা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে মূল প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক বিবরণী বিবেচনা করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল বহুজাতিক গোষ্ঠীর যোগ্য প্রতিষ্ঠানগুলোই নতুন করের আওতায় আসবে। যেসব দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে ব্যবসা করে না কিংবা কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, তারা এই করের আওতামুক্ত থাকবে।

নতুন ব্যবস্থায় সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। কোনো প্রতিষ্ঠানের কার্যকর করের হার এর নিচে থাকলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হতে পারে। তবে এই ১৫ শতাংশ কর প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং মুনাফার ওপর কার্যকর হবে।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি ও কম করের দেশে মুনাফা সরিয়ে নেওয়ার প্রবণতা ঠেকাতে নেওয়া আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর উদ্যোগে গৃহীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই সৌদি আরব এই ব্যবস্থা চালু করছে। নতুন করের আওতায় পড়তে পারে এমন প্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।\

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)