বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাঁদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মথুরার নাগলা ফাউদা গ্রামে বিয়ের শোভাযাত্রার সময় প্রশান্ত সিং ও কানহা রাঘব নামের দুই চাচাতো ভাইকে এ উপহার দেওয়া হয়। তাঁদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা।
প্রতিটি মালা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। আকারে বিশাল হওয়ায় মালাগুলো বহন ও সামলাতে বেশ কয়েকজনের প্রয়োজন হয়। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাঁদের গলায় সেই মালা পরিয়ে দেওয়া হয়। এরপর মথুরার গোবর্ধন এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
আরও
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশান্ত ও কানহা ভারতীয় কিষান ইউনিয়নের (ভানু) সঙ্গে যুক্ত কৃষক নেতা মহাবীর স্বামীর ভাতিজা। তাঁদের পরিবারের সদস্যরা মার্বেল ও পাথরের শোরুমের ব্যবসার সঙ্গে জড়িত। অভিনব এই উপহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।











