সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গতকাল রোববার এই হামলা চালানো হয়। হুতিদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি শোধনাগারটিতে আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। সৌদি আরবও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
‘পেট্রো রাবিগ’ নামের এই তেল পরিশোধন কেন্দ্রটি সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, জাজান ও রাস তানুরার মতো গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা। যদিও সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো শোধনাগারেই হামলার খবর স্বীকার করেনি।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার অংশ হিসেবে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে, আর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থানে বিমান হামলা জোরদার করেছে রিয়াদ।










