সর্বশেষ

যৌতুকের গাড়ি পছন্দ না হওয়ায় ভারতে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য!

64ffcc48dd6485bbf553c096a983fe53 6b030e874010fWeb Popup (3)

ভারতের হরিয়ানার সোনিপতে বিয়ের আসরে পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি পুলিশের এক সদস্য। কনের পরিবারের অভিযোগ, উপহার হিসেবে প্রায় সাড়ে ৯ লাখ রুপির হুন্দাই অরা গাড়ি ঠিক করা হলেও বিয়ের আগমুহূর্তে প্রায় ১৩ লাখ রুপির মারুতি ব্রেজা দাবি করেন বর। শেষ পর্যন্ত সেই গাড়ি না পেয়ে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি। অন্যদিকে বিয়ের সাজে মণ্ডপে বসে অপেক্ষা করতে থাকেন কনে। রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ ভাটিকায় এ ঘটনা ঘটে। প্রায় ছয় মাস আগে দিল্লি পুলিশের সদস্য কুলদীপের সঙ্গে হিনার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বিয়ে চূড়ান্ত হওয়ার পর থেকেই বরপক্ষ গাড়ি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দাবি করে আসছিল। বরের জন্য প্রায় ৯ লাখ ৫০ হাজার রুপি দামের একটি হুন্দাই অরা গাড়ি বুকিং দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক এক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন, ওই গাড়িতে সন্তুষ্ট নন কুলদীপ; তাঁর পছন্দ প্রায় ১৩ লাখ রুপি দামের মারুতি ব্রেজা। এরপর আগের গাড়ির বুকিং বাতিল করে নতুন গাড়ি জোগাড়ের চেষ্টা করেও অল্প সময়ে তা ব্যবস্থা করতে পারেননি কনের বাবা।

গাড়ির পাশাপাশি বরের জন্য দুই ভরি সোনার চেইন, বরের মায়ের জন্য চার ভরির কানের দুল ও পরিবারের অন্য সদস্যদের জন্যও গয়না দাবি করেছিল বরপক্ষ। এসব গয়না তৈরির ফরমাশ দেওয়ার পাশাপাশি প্রায় ১ লাখ ৩২ হাজার রুপি খরচ করে আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী কিনেছিলেন সুভাষ কুমার। বিয়ের দিন প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের আয়োজনও করা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, বর কুলদীপ বিয়ের সাজ ও বরযাত্রী ছাড়াই মায়ের সঙ্গে সাধারণ পোশাকে অনুষ্ঠানস্থলে হাজির হন। সেখানে ব্রেজা গাড়ি না দেখে কনেপক্ষের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কনের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

এ সময় বিয়ের পোশাকে মণ্ডপে বসে বরের অপেক্ষায় ছিলেন কনে হিনা। সুভাষ কুমার জানান, বিয়ের আয়োজন ও উপহারসামগ্রী মিলিয়ে তাঁদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ হয়েছে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তাঁরা। এ ঘটনায় বর ও তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন কনের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কনেপক্ষ।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)