দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতার প্রবাসী নেজাম উদ্দিন পারভেজ। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। পারভেজ বোয়ালখালী এলাকার আহম্মদ নবীর ছেলে। শনিবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানা গেছে, ২০১৮ সালে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রায় ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন। পারভেজের বাবা জানান, পাঁচ দিন আগে ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তার আট মাস বয়সী একটি কন্যাসন্তান আছে। হাসপাতালে পারভেজের পাশে ছিলেন গিয়াস উদ্দিন। মৃত্যুর আগে হাতের ইশারায় তাকে কাছে ডেকে নিজের বুকের ওপর তার ডান হাত রেখে পারভেজ বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচবো না। আমার মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম’।










