মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ২০০ বার রক্ত ও প্লাটিলেট দান করেছেন সৌদি আরবের এক নাগরিক। মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই ব্যক্তির নাম ফাহাদ আল-আঞ্জি। নিঃস্বার্থ এই কাজের জন্য তিনি নিয়মিত হাফার আল-বাতিন শহর থেকে রাজধানী রিয়াদে ছুটে যান।
ফাহাদের রক্তদানের এই যাত্রা শুরু হয় ২০ বছরেরও বেশি সময় আগে। মাঝে কিছুদিন বিরতি থাকলেও ২০১৩ সাল থেকে তিনি নিয়মিত প্লাটিলেট দেওয়া শুরু করেন। ক্যানসার, কিডনি ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্তদের জন্য তাঁর দেওয়া এই প্লাটিলেট দারুণ কাজে দিচ্ছে। নিজে সম্পূর্ণ সুস্থ থাকায় এবং কোনো ধরনের ওষুধ সেবন না করায় তাঁর প্লাটিলেট রোগীদের জন্য শতভাগ নিরাপদ।
মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফাহাদ ২০০৮ সালে তৃতীয় শ্রেণির এবং ২০২১ সালে দ্বিতীয় শ্রেণির রাষ্ট্রীয় পদকে ভূষিত হন। পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সম্মাননাও। পবিত্র কোরআনের আয়াতের কথা স্মরণ করে তিনি বলেন, একজনের জীবন বাঁচানো মানে পুরো মানবজাতিকে বাঁচানো। মুমূর্ষু মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর জীবনের সবচেয়ে বড় তৃপ্তি।
আরও










