মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কমান্ডার এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারসহ তিন ডজনেরও বেশি সামরিক উপদেষ্টা সৌদি আরবে যাচ্ছেন। বুধবার (১৭ নভেম্বর) পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, হুতিদের ড্রোন ও আকাশপথের হামলায় বিপর্যস্ত সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করতেই এই সফর। উপদেষ্টাদের কয়েকজন ইতিমধ্যেই দেশটিতে পৌঁছাতে শুরু করেছেন।

বর্তমানে ইয়েমেন পরিস্থিতি নিয়ে সৌদি আরব বেশ জটিল অবস্থায় রয়েছে। ইরান-সমর্থিত হুতিরা সম্প্রতি ব্যাপক সামরিক সাফল্য পেয়েছে। তারা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং কর্পোরেট অফিসগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এমনকি সৌদি ভূখণ্ডের ভেতরে হুতিদের স্থল অভিযানের খবরও পাওয়া গেছে। গত মাসে এক সপ্তাহের ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে চারবার হামলার ঘটনায় ১৩ জন নিহত এবং ৩০০ জন আহত হন। রিয়াদে হতাশার নিদর্শন হিসেবে সৌদি বাদশাহ সালমান সম্প্রতি ইয়েমেনে জোট বাহিনীর তত্ত্বাবধানকারী কমান্ডারকেও অপসারণ করেছেন।
আরও


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হলেও সম্প্রতি দুই দেশের সম্পর্ক এক সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সামরিক দুর্বলতার কারণে সৌদি আরবসহ উপসাগরীয় রাষ্ট্রগুলো তাঁকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করার অনুরোধ করেছিল। এমন পরিস্থিতিতে হুতিদের সস্তা ড্রোন ঠেকাতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই মার্কিন সামরিক উপদেষ্টাদের এই আগমনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।










