চট্টগ্রামের হালিশহরে দিনে-দুপুরে খোদ পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটি সড়কে পার্ক করে টহল পুলিশের সদস্যরা পাশের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এই সুযোগে এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে দুপুরের খাবার খেতে যান। পরে ফিরে এসে দেখেন, তাঁদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি উধাও। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ব্যক্তি অত্যন্ত দ্রুততার সঙ্গে গাড়িতে উঠে সেটি নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছেন।
প্রকাশ্য দিবালোকে খোদ পুলিশের গাড়ি চুরির এই ঘটনায় নগর পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, চোরকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানিয়েছেন, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।









