Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

C4fca896 4582 4c70 882c 123795377c18Web Popup (3)

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার দীর্ঘ দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে এই আবেদন জমা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। তাই বাংলাদেশি নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে এটাই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে রয়টার্সকে তিনি বলেছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের অভ্যুত্থানে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ এবং দলের অধিকাংশ নেতা আত্মগোপনে বা কারাগারে রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ অস্থিরতা পেরিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার এই প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। তবে তাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তার দেশে ফেরায় সেই সম্পর্কের কিছুটা উন্নতি হতে পারে। এ বিষয়ে রয়টার্স দিল্লি দূতাবাস ও বর্তমান সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)