নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত শুক্রবার দুপুরে শহরের পায়রা চত্বরে অবস্থিত পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ছেলে ও একটি মেয়েসন্তানের জন্ম দেন তিনি। প্রসূতি মর্জিনা বেগম (২২) সদর উপজেলার করিমপুর এলাকার প্রবাসী আশিকুর রহমানের স্ত্রী।
পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আরিফুল ইসলাম আবির জানান, গাইনি সার্জন সুমাইয়া আজরীনের নেতৃত্বে প্রসূতির অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও চিকিৎসকেরা তা সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে মা ও তাঁর তিন নবজাতক সুস্থ আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
আরও
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে হাসপাতালে ভিড় করছেন আত্মীয়স্বজনেরা। প্রসূতির বাবা আবদুল হেকিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শুরুতে অস্ত্রোপচার নিয়ে তাঁরা কিছুটা ভয়ে ছিলেন। পরে একসঙ্গে তিনটি সুস্থ সন্তান জন্মের খবর পেয়ে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। মা ও শিশুরা ভালো থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেন।










