আসন্ন মৌসুমে হজ পালনে ইচ্ছুক যাত্রীদের ভিসার জন্য আবেদনের সময়সীমা ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া। আগামী ২০ মার্চ পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন হজযাত্রীরা। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে।
এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও
এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।










