কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় একটি হোটেলে চাকরি নেন। এরই মধ্যে ফিজি যাওয়ার জন্য ভিসাও পেয়েছিলেন এবং শিগগিরই বিদেশে যাওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন রানা। পথে পারুয়ারা মাদরাসার সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
আরও
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। থানার ওসি মো. ইকবাল বাহার জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতক গাড়ি শনাক্তে অভিযান চালানো হচ্ছে।











