দেশের বাজারে সবশেষ সমন্বিত দামেই আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে সোনা। গতকাল বুধবার ভরিতে দাম কমানোর পর সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছিল। নতুন করে আর কোনো দর সমন্বয় না হওয়ায় আজ অপরিবর্তিত রয়েছে মূল্যবান এই ধাতুর বাজার।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর বাইরে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন এই সমন্বয়ের ফলে ভরিতে দাম কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা। বাজুস জানিয়েছে, সরকার নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলংকার কেনাবেচা করতে হবে। তবে গহনার নকশা ও নির্মাণশৈলীর ভিন্নতার কারণে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।











