চেয়ারে বসে আছেন নানা বয়সী একদল নারী-পুরুষ, আর সবার দৃষ্টি সামনের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির নির্দেশনায় হঠাৎ সবার ডান হাতের তর্জনী উঠে গেল ওপরের দিকে। এরপর সবাই সমস্বরে পাঠ করতে শুরু করলেন কালেমা শাহাদাত। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ঘরে এভাবেই দলবেঁধে ইসলাম ধর্ম গ্রহণের অভাবনীয় ঘটনার সাক্ষী হলো নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, উপস্থিত মানুষদের প্রথমে আরবি ও পরে স্প্যানিশ ভাষায় কালেমা পড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দেশগুলোতে ইসলামের প্রসার যেন নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে এল সালভাদর, মেক্সিকো ও কলম্বিয়ার সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ বাড়ছে চোখে পড়ার মতো। একসঙ্গে এত মানুষের ধর্মগ্রহণের এই দৃশ্যটি মূলত স্প্যানিশ ভাষাভাষী অঞ্চলে ইসলামের প্রতি সেই ক্রমবর্ধমান আকর্ষণেরই এক বাস্তব চিত্র।
অনেকে মনে করেন, লাতিন সংস্কৃতির সামাজিক মূল্যবোধের সঙ্গে ইসলামের নীতিগত মিল থাকায় মানসিক শান্তির খোঁজে অনেকেই এই ধর্মের প্রতি ঝুঁকছেন। দলবদ্ধভাবে ধর্মগ্রহণের এই দৃশ্য বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে নতুন মুসলিমদের স্বাগত জানাচ্ছেন এবং আবেগঘন এই ঘটনাটিকে লাতিন আমেরিকায় ইসলামের এক নতুন জাগরণ হিসেবে দেখছেন।











