জনাকীর্ণ এক শপিংমলে আচমকাই তৈরি হলো ভিন্ন এক আবহ। চারপাশের কোলাহল ছাপিয়ে সবার নজর কাড়ল একদল ব্রিটিশ তরুণের দিকে। অত্যন্ত শ্রদ্ধা ও মনোযোগের সঙ্গে তারা একযোগে পাঠ করছেন কালেমা শাহাদাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন তরুণ একজন মুসলিম স্কলারের নির্দেশনায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তরুণরা যখন আরবি ভাষায় নিজেদের বিশ্বাসের কথা ঘোষণা করছিলেন, তখন চারপাশের পরিবেশ অন্যরকম পবিত্রতায় ভরে ওঠে।
সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে ইসলাম সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আধুনিক জীবনের নানা যান্ত্রিকতা ও অস্থিরতার মাঝে তরুণ প্রজন্মের অনেকেই এখন আধ্যাত্মিক শান্তির খোঁজে ইসলামের দিকে ঝুঁকছেন। এই ব্রিটিশ তরুণদের দলবদ্ধভাবে ইসলাম গ্রহণের ঘটনাটি সেই পরিবর্তনেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
কালেমা পাঠ শেষে উপস্থিত মুসলিমদের তাকবির ধ্বনি এবং নতুন ধর্ম গ্রহণকারীদের বুকে টেনে নেওয়ার আবেগঘন দৃশ্যটি লাখো নেটিজেনের হৃদয় ছুঁয়ে গেছে। অভাবনীয় ও চমৎকার এই দৃশ্যটি অনেকেই নিজেদের ক্যামেরাবন্দি করে রাখেন, যা মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।










