বোয়িংয়ের তৈরি শত শত উড়োজাহাজে নতুন করে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে জানিয়েছে, শত শত বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের আসন ভুলভাবে স্থাপন করা হয়ে থাকতে পারে। এর ফলে জরুরি অবতরণের সময় আসন খুলে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যরা আহত হওয়ার ঝুঁকিতে পড়বেন। পাশাপাশি খুলে যাওয়া আসন চলাচলের পথ আটকে দিলে জরুরি অবস্থায় যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এ কারণে উড়োজাহাজগুলোর আসন পরিদর্শনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে বোয়িংয়ের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানান, প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ডিসেম্বরেই উড়োজাহাজ পরিচালনাকারীদের জন্য এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনাকে বাধ্যতামূলক করতে এফএএ বর্তমানে যে উদ্যোগ নিয়েছে, বোয়িং তাকে পূর্ণ সমর্থন করে।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের কেবিনের একটি প্যানেল মাঝ আকাশে খুলে যায়। বাধ্য হয়ে বিমানটি জরুরি অবতরণ করে এবং এরপর এফএএ ১৭১টি উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখে। পরবর্তীতে তদন্তে দেখা যায়, ওই প্যানেলটি আটকে রাখার জন্য প্রয়োজনীয় চারটি গুরুত্বপূর্ণ বোল্ট লাগানোই ছিল না। বিমান চলাচল-বিষয়ক পরামর্শ ও তথ্যপ্রতিষ্ঠান আইবিএর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের প্রায় ২ হাজার ৩০০টি উড়োজাহাজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে ৮২৩টি উড়োজাহাজ।









