মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণার অপেক্ষায় সবাই। এরইমধ্যে দুটি দেশ নিশ্চিত করেছে আগামী ২৭ মে তাদের ঈদুল আজহা পালিত হবে। আর কাল সোমবার হবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১ তারিখ। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া। অপরদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই ঈদের তারিখ ঘোষণা করেছে। তারা মূলত বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়।
এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ আজ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, গণনা অনুযায়ী আজই জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসেবে আগামী ২৭ মে বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।









