বাংলাদেশে ফেরার বিষয়ে এর আগেও বহুবার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার তিনি দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ—আগামী ১৬ ডিসেম্বর—ঘোষণা করেছেন এবং কীভাবে ফিরবেন, তার একটি রূপরেখাও তুলে ধরেছেন। ঢাকার বর্তমান সরকার আগে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও তাঁর সর্বশেষ এই ঘোষণাকে এখন বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দিল্লিতে পালিয়ে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। তাঁর মুখপাত্র জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকী অর্থাৎ বিজয় দিবসে দেশে ফিরতে চান তিনি। আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁর দল আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর হাতে ১ হাজার ৪০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়েছেন। সরকার জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

আরও
হেঁটে সীমান্ত পার হওয়ার প্রস্তুতি ও ঢাকার কড়া জবাব
শেখ হাসিনা চান বাংলাদেশ সরকার দিল্লি থেকে তাঁর জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করুক। তা না হলে তিনি বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে বলেন, ‘তিনি এমনকি হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’ ভারতের পাঁচটি রাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামজুড়ে বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরিনের দাবি, সমর্থকেরা সীমান্ত পার হওয়ার নয়টি সম্ভাব্য পয়েন্ট চিহ্নিত করেছেন এবং এটি অত্যন্ত সুচিন্তিত ও নিখুঁত একটি পরিকল্পনা।


তবে ঢাকা এই ঘোষণার কড়া জবাব দিয়ে জানিয়েছে, শেখ হাসিনাকে অবশ্যই প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘বাস্তবতা আর ইচ্ছা এক জিনিস নয়। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফেরত আনা যেতে পারে।’ অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়ার’ মাধ্যমে যাচাই করা হচ্ছে; তবে তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি আলাদা।
নির্বাসনে থেকেও দলকে সক্রিয় রাখার চেষ্টা
ঢাকার অনেকের মতে, শেখ হাসিনার এই ঘোষণা নিছক দেশে ফেরার প্রতিশ্রুতি নয়; বরং সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, রাজনৈতিক আলোচনায় ফিরে আসা এবং তাঁকে ক্ষমতাচ্যুত করা দলগুলোর মধ্যকার ফাটলকে কাজে লাগানোর একটি কৌশল। পাশাপাশি এটি ভারতের জন্যও একটি তাৎক্ষণিক কূটনৈতিক সংকট তৈরি করতে পারে।


আবু ওবায়দা আরিন জানান, গত ১৮ মাসে টেলিগ্রামে অডিও সভার মাধ্যমে সারা দেশের ৬৪ জেলা ও ৩০০ আসনের নেতা-কর্মীদের সঙ্গে ৩০০টির বেশি বৈঠক করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে আয়োজিত এসব বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে। তাঁর দাবি, সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত মানববন্ধন তৈরি করে শেখ হাসিনাকে স্বাগত জানাতে দলটি ৫০ লাখ মানুষকে সমবেত করতে সক্ষম।
যদিও নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এখন মূলধারার রাজনীতির বাইরে এবং দলের বেশির ভাগ নেতা বিদেশে, কারাগারে বা আত্মগোপনে রয়েছেন; তবু সাম্প্রতিক মাসগুলোতে দলটির সমর্থকেরা ঝটিকা মিছিল ও বিক্ষোভ বাড়িয়েছেন। কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। সেখানে থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি সহিংস ঘটনায় জড়িয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু সরাসরি এই অস্থিরতার সঙ্গে যুক্ত।


জুলাই অভ্যুত্থানের শক্তির ফাটল ও রাজনৈতিক সমীকরণ
অনেকেই মনে করেন শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম, তবে দলটি অন্তত একটি রাজনৈতিক সাফল্য অর্জন করেছে—আওয়ামী লীগ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে। ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের মতে, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্যের ফাটলকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। তিনি বিবিসিকে বলেন, জুলাই সনদ, প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন এবং গণভোট নিয়ে নির্বাচিত বিএনপি সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী ও তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্য বেড়েছে। দুর্বল পুলিশ বাহিনী এবং অভ্যুত্থানের পক্ষগুলোর এই বিভক্তিকে সুযোগ হিসেবে দেখছে আওয়ামী লীগ।


ভারতের কূটনৈতিক উভয়সংকট
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত ক্রমশ কঠিন উভয়সংকটে পড়ছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো ভারত সফরে যাননি। আগস্টে একটি সফরের সম্ভাবনা তৈরি হলেও দিল্লিতে শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়।
লন্ডনের সোয়াস (এসওএএস) বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা সিদ্ধান্তের ভার দিল্লির বদলে ঢাকার ওপর চাপিয়ে দিয়েছে। ভারত গত ১০ মাসে ঢাকায় মন্ত্রীর পদমর্যাদায় হাইকমিশনার নিয়োগ এবং নিরাপত্তা ও বাণিজ্য আলোচনার প্রস্তাবসহ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। তবে তাতে সাড়া না পেয়ে দিল্লি হতাশ হয়েছে এবং তাই শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। পালিওয়ালের মতে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন এবং রাজনৈতিক সমঝোতার পথ বেছে নেওয়া ভারত ও বাংলাদেশ—উভয়ের দীর্ঘমেয়াদি স্বার্থের অনুকূল।


তবে ঢাকায় এই দৃষ্টিভঙ্গি নিয়ে তীব্র আপত্তি রয়েছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশে এমন ধারণা রয়েছে যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কিন্তু ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করেনি, বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের জন্য ট্রানজিট সুবিধা নবায়ন করেনি এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে এলেও তেমন অগ্রগতি নেই। শুধু পর্যটন ও মেডিকেল ভিসা ছাড়া বাকি সবকিছুই ঝুলে আছে।


নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলেন, দুই দেশই এখন ‘পারস্পরিক হতাশায়’ আটকে আছে এবং এই অচলাবস্থার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। তিনি সতর্ক করে বলেন, ১৬ ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকায় উত্তেজনা বাড়ছে এবং ডিসেম্বর মাসটি বেশ বিশৃঙ্খল হতে পারে—যদিও সফরটি আবারও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকলেডের দক্ষিণ এশিয়া বিশ্লেষক পার্ল পান্ডিয়াও মনে করেন, মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকায় শেখ হাসিনার ফেরার সম্ভাবনা কম, তবে তাঁর মন্তব্য সমর্থকদের চাঙা করেছে। আর অবিনাশ পালিওয়ালের ভাষায়, শেখ হাসিনা ঢাকায় না ফেরা পর্যন্ত কিংবা চাপের মুখে ঢাকা আলোচনার টেবিলে না ফেরা পর্যন্ত দুই দেশের মধ্যে গুরুতর কোনো আলোচনার নতুন দ্বার খুলবে না।
সূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে










