বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও বিস্তৃত হচ্ছে। দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪ করা হয়েছে। এর ফলে দুই দেশের মনোনীত এয়ারলাইনগুলো সপ্তাহে আরও ৩৫টি অতিরিক্ত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এই উদ্যোগের ফলে হজ ও ওমরাহযাত্রী, সৌদি প্রবাসী এবং দেশের রপ্তানিকারকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
নতুন এই সমঝোতার ফলে সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ বাংলাদেশি প্রবাসী সরাসরি সুফল পাবেন। ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আসনসংখ্যা বাড়লে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে এবং এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ায় যাত্রীরা তুলনামূলক সাশ্রয়ী ভাড়ায় টিকিট পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে যাত্রীদের অতিরিক্ত চাপ এবং আসনসংকট মোকাবিলায় এই বাড়তি ফ্লাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মতো আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকেও সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কেবল ফ্লাইট ধরার জন্য ঢাকায় আসার নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে।
যাত্রীবাহী ফ্লাইটের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনারও অনুমোদন দেওয়া হয়েছে এই চুক্তিতে। এর মাধ্যমে তৈরি পোশাক, শাকসবজি ও ফলমূলসহ বিভিন্ন রপ্তানি পণ্য দ্রুততম সময়ে সৌদি আরবের বাজারে পৌঁছানো সম্ভব হবে। নতুন এই সমঝোতায় ‘ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইটস’ বা পঞ্চম স্বাধীন ট্রাফিক অধিকার যুক্ত করা হয়েছে, যার আওতায় বাংলাদেশের এয়ারলাইনগুলো সৌদি আরব হয়ে স্পেন ও জার্মানিসহ তৃতীয় কোনো দেশে কার্গো সেবা দিতে পারবে। একই সঙ্গে কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন এবং ব্যস্ত মৌসুমে চাহিদা অনুযায়ী লিজ নেওয়া উড়োজাহাজ ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। বেবিচক চেয়ারম্যান জানান, এই যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশকে একটি কার্যকর আন্তর্জাতিক এভিয়েশন ও কার্গো হাব হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।
আরও











