ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের সুরক্ষায় ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলে ১০টি, সৌদি আরবে ৫টি এবং লেবাননে ২টি বাংকার নির্মাণ করা হবে। জরুরি ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে মাত্র তিন দিনের মধ্যে ঠিকাদারদের দরপ্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচিত প্রতিষ্ঠানকে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো পরোক্ষ হামলার মুখেও অক্ষত থাকতে পারে—এমনভাবে বাংকারগুলো তৈরি করা হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন অঞ্চলে সম্ভাব্য শত্রুভাবাপন্ন পরিবেশে দায়িত্ব পালনরত মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রচলিত মানের বাইরের আশ্রয়কেন্দ্রগুলো (যেমন রূপান্তরিত পণ্যবাহী কনটেইনার) সরিয়ে জরুরি ভিত্তিতে শক্তিশালী ও হামলা-প্রতিরোধী কংক্রিটের বাংকার নির্মাণ করা প্রয়োজন।
ইসরায়েলে তিন স্তরের কংক্রিটের বাংকার
ইসরায়েলে ১০টি সম্পূর্ণ কার্যকর ও পরোক্ষ হামলা-প্রতিরোধী বাংকার নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি বাংকারে শক্তিশালী কংক্রিটের তিনটি অংশ থাকবে। পাশাপাশি প্রবেশ ও বের হওয়ার পথ থেকে এক মিটার দূরে ‘আলাস্কা ব্যারিয়ার’ নামে পরিচিত বিস্ফোরণ ও বোমার টুকরা প্রতিরোধী বিশেষ দেয়াল বসানো হবে। প্রতিটি ব্যারিয়ারের উচ্চতা হবে ৩ মিটার এবং ওজন প্রায় ৬ দশমিক ১ টন। এ ছাড়া স্নাইপারের গুলি থেকে সুরক্ষায় বাংকারগুলোর ছাদে ১৮ ইঞ্চি এবং দুই পাশে ৪ ফুট পুরু বালুর বস্তার স্তর থাকবে।
আরও
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেনারা ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের কনটেইনারভিত্তিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করায় মাত্র তিন দিনের দ্রুত সময়সীমায় দরপত্র আহ্বান করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা না হলেও যোগ্য দরদাতাদের পরে সামরিক ঘাঁটির নাম ও স্থানাঙ্ক জানানো হবে। তবে পূর্বানুমতি ছাড়া বিমানঘাঁটির ভেতরে নির্মাণসামগ্রী না রাখার শর্ত থেকে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের বাংকারগুলো দেশটির বিমানবাহিনীর ঘাঁটিতেই নির্মিত হবে।
নির্মাণসামগ্রী ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা
বাংকার নির্মাণে পারদ, সিসা, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, টলুইন, অ্যাসবেস্টস, ক্লোরিনযুক্ত দ্রাবক, পলিক্লোরিনেটেড বাইফিনাইলস (পিসিবি), হাইড্রোলাইজযোগ্য ক্লোরিন যৌগ এবং ইথিলিনভিত্তিক গ্লাইকল ইথার ও এর অ্যাসিটেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব উপাদানের অনেকগুলোই বিমানের কাঠামো, যন্ত্রাংশ, স্থায়িত্ব ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইরানের হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রস্তুতি
উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকার মধ্যেই এই উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় কয়েকজন সেনা নিহত হন এবং জর্ডানসহ পুরো অঞ্চলে কয়েক বিলিয়ন ডলারের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এর প্রেক্ষিতে গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দ্রুত হামলা-প্রতিরোধী বাংকার নির্মাণের ওপর জোর দেন এবং জর্ডানে বহনযোগ্য বিস্ফোরণ-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র সরবরাহের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স।
ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাতের পর থেকে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে কয়েক ডজন যুদ্ধবিমান ও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে ইসরায়েলে একটি প্যাট্রিয়ট ও অন্তত একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসানো হয়েছে। এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি থেকে ৩ নভেম্বরের মধ্যে টেক্সাসের ফোর্ট ব্লিসসহ বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩২টি মার্কিন সি-১৭ সামরিক পরিবহন বিমান ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করেছে।











