নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অনেকেই নিয়োগ বাণিজ্যের জায়গাকে মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। তবে দেশের স্বার্থে এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। আজ সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমানে দেশের সব জায়গায় লুটপাট ও চুরি-চামারি শুরু হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের শক্তভাবে দমন করতে হবে। প্রয়োজনে দেশের ও জনগণের স্বার্থে একবার নয়, শতবার রাজপথে নামারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনসভায় দেওয়া বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে, এই দেশে তাদের কোনো স্থান হবে না। তাদের এই দেশ ছেড়ে পালাতে হবে। স্বাধীন দেশের মানুষ আর কখনোই দিল্লির খবরদারি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।










