সরকারি প্রকল্পে দুর্নীতির কত অভিনব কৌশলই না দেখা যায়! এবার বরিশালের আগৈলঝাড়ায় একটি লোহার সেতু নির্মাণে রডের বদলে অবলীলায় ব্যবহার করা হয়েছে বাঁশের কঞ্চি। উপজেলার রত্নপুর ইউনিয়নে ৪৫ ফুট দীর্ঘ এই সেতুর কাজ চলার সময় স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে খবর দেওয়া হয়। গত ২৯ জুন বিকেলে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে ঢালাই ভাঙতেই কংক্রিটের ভেতর থেকে বেরিয়ে আসে রডের বদলে বিছিয়ে রাখা বাঁশের কঞ্চির সারি।
নকশা অনুযায়ী সেতুটিতে নির্ধারিত পরিমাণ লোহার রড ও পাঁচ ইঞ্চি পুরু ঢালাই থাকার কথা ছিল। কিন্তু অধিক মুনাফার লোভে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালাইয়ের পুরুত্ব কমানোর পাশাপাশি রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার করে চরম জালিয়াতির আশ্রয় নেয়। এমন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি সেতুটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারত। সরকারি অর্থের এমন অপচয় ও সাধারণ মানুষের জীবনের ঝুঁকি তৈরি করায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, রডের বদলে কঞ্চির ব্যবহার সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং এটি সেতুর স্থায়িত্ব একেবারেই নষ্ট করে দেয়। অনিয়মের অকাট্য প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের নির্দেশে তাৎক্ষণিকভাবে সেতুর ত্রুটিপূর্ণ অংশটি ভেঙে ফেলা হয়। জনমানুষের জীবন হুমকিতে ফেলা ঠিকাদারি প্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।











