বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গৌরবান্বিত করলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ওসমান গনি। তুরস্কে অনুষ্ঠিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’-এর কেরাত বিভাগে তিনি গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় ‘দিয়ানেত’-এর উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তাঁর এই অনন্য সাফল্য দেশজুড়ে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে প্রতিযোগিতার এক জমকালো ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি নিজের হাতে হাফেজ মোহাম্মদ ওসমান গনিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিজয়ী প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। বিশ্বনেতার হাত থেকে এমন স্বীকৃতি বাংলাদেশের জন্য এক বড় অর্জন।
আরও


এবারের আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতাটি মূলত হিফজুল কুরআন ও কেরাত—এই দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। কেরাত বিভাগে প্রথম স্থান লাভ করেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় হন বাংলাদেশের মোহাম্মদ ওসমান গনি এবং তৃতীয় স্থান অর্জন করেন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি। অন্যদিকে, হিফজুল কুরআন বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হন ক্যামেরুনের নূরুদ্দীন এবং তৃতীয় স্থান অধিকার করেন ইয়েমেনের প্রতিযোগী শিহাব আদ-দুবাই।
তুরস্কের মাটিতে দেশের পতাকাকে সম্মানিত করা হাফেজ মোহাম্মদ ওসমান গনি রাজধানী ঢাকায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা’র একজন নিয়মিত শিক্ষার্থী। শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত ও পরিচালিত এই মাদরাসার ছাত্র হিসেবে তাঁর এই বিশ্বজয়ী সাফল্যে দেশবাসী তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশের সম্মান বৃদ্ধি করায় সব মহলে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।










