সর্বশেষ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

728,000 expatriates received postal ballotsWeb Popup (3)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১০৪টি দেশে বসবাসরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিবন্ধিত যেসব প্রবাসী ভোটার এখনো ব্যালট পাননি, তাদের কাছেও দ্রুততম সময়ে ব্যালট পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কোনো ভোটার যদি এই গোপনীয়তা ভঙ্গ করেন, সে ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে—২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন ভোটারের কাছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন, কাতারে প্রায় ৭৪ হাজার এবং অন্যান্য দেশেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসি সূত্র জানায়, শুধু বুধবার সন্ধ্যাতেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে সৌদি আরব, মালয়েশিয়া ও ওমানের প্রবাসীরাই সংখ্যাগরিষ্ঠ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup