আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) হজ মৌসুম সামনে রেখে মৌসুমি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরবের কিদানা ডেভেলপমেন্ট কোম্পানি। প্রশাসনিক, প্রকৌশল, কারিগরি, মাঠপর্যায়ের কাজ এবং তদারকিসংক্রান্ত বিভিন্ন পদে এই নিয়োগ দেওয়া হবে। সৌদি নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকেরাও এসব পদে আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে উচ্চমাধ্যমিক সনদ, ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি।
কিদানার বিজ্ঞপ্তিতে মূলত কারিগরি, প্রকৌশল, আর্থিক ও প্রশাসনিক—এই চারটি ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচিত কর্মীদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা, প্রশাসনিক কাজ পরিচালনা, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং দলগতভাবে দায়িত্ব পালন করতে হবে।
আরও
১৪৪৮ হিজরি হজ মৌসুমের পুরো সময়জুড়ে এই মৌসুমি চাকরির মেয়াদ থাকবে। কিদানা জানিয়েছে, হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়ে সরাসরি সেবা দেওয়ার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন








