দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।
গণমাধ্যমকে বেবিচকের সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনা বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
বেবিচকের কর্মকতারা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির বিষয়ে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।










