সৌদিতে মদিনা অঞ্চলে আকস্মিক বন্যায় আটকে পড়া একটি পরিবারকে নিরাপদে উদ্ধার করেছেন এক তরুণ। পাহাড়ি ঢলের তোড়ে একটি গাড়ি ভেসে যাওয়ার উপক্রম হলে তিনি দড়ি নিয়ে খাড়া বাঁধ বেয়ে নিচে নেমে তাদের উদ্ধার করেন। সম্প্রতি এই উদ্ধার অভিযানের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
গত ৭ নভেম্বর মদিনার বদর প্রদেশের আল-ওয়াসিতা উপত্যকায় এই ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক পানির তীব্র স্রোতে একটি সাদা রঙের গাড়ি আটকে থাকতে দেখেন। বিপদ বুঝতে পেরে তারিক মারগালানি নামের এক যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে আটকে পড়া দম্পতির সাহায্যে এগিয়ে যান।
সঙ্গীদের ধরা দড়ির সহায়তায় তিনি পরিবারটিকে নিরাপদে ওপরে তুলে আনেন। তার এই সাহসিকতা নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে এই ঘটনার পর বৃষ্টির সময় নিচু উপত্যকা বা পাহাড়ি এলাকা এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক করেছে সৌদি প্রশাসন।









