সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা আকামা ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে এখন থেকে নিয়োগকর্তারা চাইলে ন্যূনতম তিন মাস মেয়াদের জন্যও এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবেন। নিয়োগকর্তাদের আর্থিক সুবিধা ও নমনীয়তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই কাঠামোর আওতায় গৃহকর্মী ও সমজাতীয় পেশাজীবীদের জন্য নিয়োগকর্তারা তাঁদের সুবিধামতো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের আকামার মেয়াদ বেছে নেওয়ার সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’–এর যৌথ উদ্যোগে এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে।
নতুন এই পদ্ধতি চালুর ফলে নিয়োগকর্তাদের আর বাধ্যতামূলকভাবে দীর্ঘমেয়াদি বা এককালীন এক-দুই বছরের জন্য আকামা নবায়ন করতে হবে না। আগে একসঙ্গে এক বা দুই বছরের ফি পরিশোধ করা অনেক নিয়োগকর্তার জন্যই বেশ কষ্টসাধ্য ছিল। এখন থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী তিন মাস বা এর গুণিতক মেয়াদের আকামা নবায়নের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তিতে ফি পরিশোধের সুযোগও রাখা হয়েছে।
আরও
সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা দেওয়া এবং সেবাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা। সামগ্রিক রেসিডেন্সি সেবাকে আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়া সহজ করা এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের যে মহাপরিকল্পনা দেশটির রয়েছে, এটি তারই একটি অংশ। নতুন এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত লাখ লাখ প্রবাসী গৃহকর্মী ও তাঁদের নিয়োগকর্তারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।









