একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ ও বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব, যার ফলে ভরা দুপুরেও সাময়িকভাবে নেমে আসবে রাতের অন্ধকার। গত ৭৫ বছরেরও বেশি সময়ের মধ্যে আরবে এমন দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ আর দেখা যায়নি।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ২০২৭ সালের ২ আগস্ট দেশটিতে এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। এই সূর্যগ্রহণের মূল পথটি দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের একটি বিশাল অংশের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলে এই অঞ্চলের বাসিন্দারা সম্পূর্ণ অন্ধকার প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। বিশেষ করে আভাতে প্রায় ৬ মিনিট এবং জেদ্দায় প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ী হবে এই অন্ধকার। বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের এই অস্বাভাবিক দীর্ঘ স্থায়িত্ব সূর্যের রহস্যময় বায়ুমণ্ডল বা ‘করোনা’ নিয়ে গবেষণার জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করবে।
তবে রিয়াদসহ দেশের মধ্য, পূর্ব ও উত্তর অঞ্চলের বাসিন্দারা একেবারে পূর্ণ অন্ধকার না দেখলেও একটি বড় আকারের আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। ভৌগোলিক অবস্থানভেদে এসব এলাকায় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাবে। উল্লেখ্য, এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল কেন্দ্রবিন্দু অবশ্য থাকবে সৌদির প্রতিবেশী দেশ মিশরে।
আরও
জ্যোতির্বিজ্ঞানীরা এই বিরল দৃশ্য উপভোগ করার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। সার্টিফাইড বিশেষ চশমা বা যথাযথ ফিল্টারযুক্ত টেলিস্কোপ ছাড়া খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে এই ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।









