যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। রোববার রাতের এসব হামলার পর তেহরানের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, এসব হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন থেকে শুরু করে বিভিন্ন বৈশ্বিক সনদ চরমভাবে লঙ্ঘন করেছে, যা মোটেও কাম্য নয়। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়ে ইরান মূলত আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) সনদ এবং সুপ্রতিবেশীসুলভ নীতি ও নৈতিকতা লঙ্ঘন করেছে। রিয়াদের মতে, তাদের এ ধরনের আগ্রাসী পদক্ষেপের কারণে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সর্বশেষ এই পাল্টা হামলায় সৌদি আরবকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদি আরবের একটি তেলের ট্যাংকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মূলত ওই ঘটনার জেরেই ইরানে সরাসরি হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
আরও
এদিকে গতকাল হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ১০ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক নাবিক নিখোঁজ রয়েছেন এবং তিনিও ভারতীয় নাগরিক বলে জানা গেছে। নাবিক নিখোঁজ ও জাহাজে হামলার এই ঘটনায় ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ভারত।










