চলতি হজ মৌসুমে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে প্রথম এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মো. নইম উদ্দীন মন্ডল নামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ গত মঙ্গলবার (২১ এপ্রিল) পবিত্র মক্কা নগরীতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২২ এপ্রিল) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে ওই হজযাত্রীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর পাসপোর্ট নম্বর ছিল এ-১৯৯৫৯২৩৮। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি সম্প্রতি দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছিলেন।
বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত মোট ৩০ হাজার ৫৬৩ জন বাংলাদেশি হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী রয়েছেন। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৫১টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৯টি, সৌদি এয়ারলাইনস ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৪টি ফ্লাইট পরিচালনা করেছে।
আরও
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ১৮ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত শিডিউল অনুযায়ী, আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট অব্যাহত থাকবে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
https://www.youtube.com/watch?v=UKfqHghwbgA










