জেদ্দা থেকে লাহোরগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি ফ্লাইট মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। শনিবার পিকে-৮৬০ নামের ফ্লাইটটি ৩৮১ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল,যার অধিকাংশই ছিলেন উমরাহ পালনকারী।
কর্মকর্তারা জানান, বিমানটি আকাশে থাকার সময় হঠাৎ কারিগরি সমস্যা দেখা দেয় এবং কেবিনের অক্সিজেন মাস্কগুলো স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে আসে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করেন এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। অবতরণের পরপরই বিমানবন্দরের জরুরি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
পিআইএ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পাকিস্তান থেকে একটি বিকল্প বিমান পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে নভেম্বরেও পিআইএর একটি ফ্লাইট উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।









