কাতারের দাফনা এলাকায় একটি রেস্তোরাঁয় মারামারির ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আরব নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এই কঠোর পদক্ষেপ নেয় কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মারামারির ঘটনাটি সম্পূর্ণ বেআইনি আচরণ। এর মাধ্যমে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তার ওপর যেমন আঘাত হানা হয়েছে, তেমনি স্বাভাবিক শৃঙ্খলাও চরমভাবে ক্ষুণ্ন করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের জনসাধারণকে আইন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সতর্ক করে বলা হয়েছে, আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সমাজের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।







![]f](https://probashtime.net/wp-content/uploads/2026/06/f.webp)



