কাতারের কৌশলগত শিল্পশহর রাস লাফফানে অবস্থিত ‘বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড’ নামের একটি এলএনজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার (২১ জুন) সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৮ জন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘কাতার এনার্জি’ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, কারখানার ভেতরে যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোর উদ্ধার অভিযান চলছে। রাস লাফফানের বাসিন্দাদের ভাষ্যমতে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের তীব্র শব্দ রাজধানী দোহা থেকেও অনুভূত হয়েছে।
কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানিকারী দেশ। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান শহরটি কাতারের এলএনজি শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতরে একটি নতুন প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। মূলত ওই নতুন প্ল্যান্টে কাজ শুরুর পরপরই আকস্মিক বিস্ফোরণটি ঘটে।
আরও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কারখানা ভবন থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। এই ভয়াবহ ঘটনায় পুরো শিল্পাঞ্চল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দেশটির সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









![]jhgj](https://probashtime.net/wp-content/uploads/2026/08/jhgj.webp)


