নয় বছর বয়সী ভারতীয় শিশু শক্তি সুনীল কোচালির কাছে ওমান নিছক কোনো প্রবাস নয়; বরং এটি তার বেড়ে ওঠা আর অসংখ্য বন্ধু তৈরির এক আপন ঠিকানা। আসন্ন ওমানের জাতীয় দিবস উপলক্ষে সেই ভালোবাসার অনুভূতিকেই ক্যানভাসের রঙে ফুটিয়ে তুলেছে এই খুদে শিল্পী। নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে ওমানের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের ধরন এখন অনেকেরই নজর কাড়ছে।
রাজধানী মাস্কাটের আযাইবা এলাকার টিএলসি ওমান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী শক্তি। সম্প্রতি স্কুলের জাতীয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য সে একটি চমৎকার ছবি এঁকেছে। নিজের শিল্পকলা শিক্ষক সুতানভির নিবিড় তত্ত্বাবধানে এক সপ্তাহ ধরে প্রায় ১৫ থেকে ১৭ ঘণ্টা সময় ব্যয় করে ছবিটি সম্পূর্ণ করেছে সে। শক্তির কাছে এটি কেবল স্কুলের সাধারণ কোনো কাজ নয়, বরং যে দেশটিকে সে নিজের আপন ঠিকানা মনে করে, তার প্রতি শ্রদ্ধা জানানোর এক বিশেষ মাধ্যম।

আরও
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শক্তি বলে, ‘আমি ওমানকে অনেক ভালোবাসি। কারণ, এটি একটি সুন্দর দেশ এবং এখানকার মানুষগুলো খুবই দয়ালু ও বন্ধুত্বপূর্ণ। আমার ছবির মাধ্যমে আমি এই দেশের প্রতি ভালোবাসা দেখাতে চেয়েছি।’ শক্তির পরিবার গত নয় বছর ধরে ওমানে বসবাস করছে। এই দীর্ঘ সময়ে তাঁরা দেশটির ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার প্রতি গভীর মুগ্ধতা অর্জন করেছেন। মেয়ের এমন সৃজনশীলতায় উচ্ছ্বসিত তার মা-বাবা জানান, প্রবাসের মাটিতে মেয়ের এমন অকৃত্রিম ভালোবাসা ও শিল্পকর্ম তাঁদের সত্যিই অনেক গর্বিত করেছে।











