ওমানে দেশীয় পোশাকের বাজার সম্প্রসারণের স্বপ্ন নিয়ে প্রতারণার শিকার হয়েছেন শাওয়াল শারমিন নামে এক প্রবাসী নারী উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ভিয়া স্পোর্টস’ নামের একটি পেজের মাধ্যমে অস্তিত্বহীন কারখানার ফাঁদ পেতে তাঁর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা যায়, তৈরি পোশাক নিয়ে কাজ করার আগ্রহ থেকে শাওয়াল শারমিন ফেসবুকে ভিয়া স্পোর্টস পেজটির পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে একটি অত্যাধুনিক পোশাক কারখানার মালিক হিসেবে পরিচয় দেন মাহবুবুর। বিশ্বাস অর্জনের জন্য জাল ইনভয়েস দেখিয়ে কাজের অর্ডার নেন তিনি। পরে কাঁচামাল ও কাপড় কেনার কথা বলে ওই প্রবাসীর কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা নেন। কিন্তু বাস্তবে ওই কারখানার কোনো অস্তিত্বই ছিল না।

টাকা নেওয়ার পর থেকেই মাহবুবুর রহমান পণ্য সরবরাহে টালবাহানা শুরু করেন। নির্ধারিত সময়ের অনেক পরে যে পোশাক সরবরাহ করা হয়, তা ছিল অত্যন্ত নিম্নমানের। কাপড়ের মাপ ও ফিনিশিং খারাপ হওয়ায় ওমানের ক্রেতারা সেসব পণ্য বাতিল করে দেন। এতে প্রবাসী ওই নারী উদ্যোক্তা মারাত্মক আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হওয়ার মুখে পড়েন।
আরও
কাজের বিল সমন্বয় করার পর মাহবুবুর রহমানের কাছে শাওয়াল শারমিনের ৫৫ হাজার টাকা পাওনা থাকে। দীর্ঘ সময় ঘোরানোর পর সম্প্রতি তিনি মাত্র আড়াই হাজার টাকা ফেরত দেন। বাকি ৫২ হাজার ৫০০ টাকা আদায়ে বাধ্য হয়ে গত ২২ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান এই নারী উদ্যোক্তা। কিন্তু পাওনা পরিশোধ না করে উল্টো নোটিশটি নিয়ে চরম ঔদ্ধত্য দেখান অভিযুক্ত ব্যক্তি।


এসব অভিযোগের বিষয়ে প্রবাস টাইমের পক্ষ থেকে মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে নিজের কাজের পক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেন, দেশে নিজস্ব কারখানা না থাকলেও অনেকে এভাবেই ব্যবসা করেন। তিনি জানান, বিশেষ কারণে এই মুহূর্তে তিনি এককালীন টাকা পরিশোধ করতে পারছেন না, তবে পরে ধীরে ধীরে পাওনা মিটিয়ে দেবেন।
ভুক্তভোগী শাওয়াল শারমিনের আক্ষেপ, প্রবাসীরা যখন হাড়ভাঙা খাটুনির কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করতে চান, তখন এমন ভুয়া প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। ভবিষ্যতে অন্য প্রবাসীরা যেন এমন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।









