ওমানের সালালাহ শহর থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা ও তাঁর তিন সন্তান নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিমা এলাকায় একটি ট্রাক্টর-ট্রেলারের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
রয়্যাল ওমান পুলিশের দেওয়া তথ্যমতে, শনিবার এই দুর্ঘটনায় শালিম ও হালানিয়াত দ্বীপপুঞ্জের চারজন ওমানি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ওই শিক্ষিকার এক ছেলে ও দুই মেয়ে আছেন। দুর্ঘটনার পর পুলিশের এভিয়েশন উইং নিহতদের মরদেহ উদ্ধার করে জালান বানি বু আলিতে নিয়ে গেছে। অন্যদিকে, আহত দুজনকে আকাশপথে সালালাহর সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও
নিহত ওই শিক্ষিকা জালান বানি বু আলির দোহাত আল ইলম স্কুলে কর্মরত ছিলেন। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাঁকে প্রতিষ্ঠানটির অন্যতম নিবেদিতপ্রাণ ও সম্মানিত শিক্ষক হিসেবে আখ্যায়িত করেছে। স্কুল কর্তৃপক্ষের শোকবার্তায় জানানো হয়, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। সততা, নিষ্ঠা ও সহমর্মিতার জন্য তিনি সহকর্মী এবং শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।











