ওমানের ধোফারে পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা হলো। চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সালালাহতে খারিফ মৌসুমের পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে বহুল প্রতীক্ষিত মুগসাইল সড়ক ও দৃষ্টিনন্দন সেতুটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকায়নের ফলে পর্যটকরা এখন খুব সহজেই বিখ্যাত মারনিফ গুহা ও মুগসাইল সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে পারবেন। পাশাপাশি রাখিয়ুত ও দালখুতের বাসিন্দাদের যাতায়াতও অনেক সহজ হলো। ৫৪০ মিটার দীর্ঘ ও ১২ মিটার উঁচু কংক্রিটের অত্যাধুনিক সেতুটিতে ১৭টি পিলার রয়েছে, যা যানজট কমিয়ে এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
প্রথম ধাপ শেষে সেতুটি চালু হলেও ল্যান্ডস্কেপিং, গাড়ি পার্কিং, পথচারীদের ওয়াকওয়ে ও আলোকসজ্জার কাজগুলো আগামী বছরের প্রথম দিকে শেষ হবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে সড়কটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।











