ওমানের সিনাউ এলাকায় দুটি আলাদা বসতবাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দরজা ভেঙে জোরপূর্বক ওই বাড়ি দুটিতে প্রবেশ করেছিল অভিযুক্ত ব্যক্তি। এরপর ভেতর থেকে বেশ কিছু মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সে।
খবর পাওয়ার পরপরই দ্রুত তদন্তে নামে পুলিশ। ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীকে শনাক্ত এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর উদ্ধার হওয়া জিনিসপত্রের সঙ্গে ওই দুই বাড়িতে চুরির ঘটনার সরাসরি সম্পৃক্ততা পেয়েছে কর্তৃপক্ষ।
অপর এক ঘটনায় একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে বৈদ্যুতিক কেবল চুরির অভিযোগে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বারকার ওই গুদাম থেকে চুরির ঘটনার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ওই পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।










