সর্বশেষ
ব্রেকিং

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

MaineWeb Popup (3)

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় একটি উট আহত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাংলাদেশি অসাবধানতাবশত একটি ব্যক্তি-বিধ্বংসী মাইনের (অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন) ওপর পা রাখলে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।

খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালানো এবং অন্য কোনো বিস্ফোরক অবশিষ্ট রয়েছে কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। পাশাপাশি ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগ, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন ও ক্রাইম সিন ইউনিট তদন্তে অংশ নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে একটি মামলা করা হয়েছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর তাঁরা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসের কাছে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও কুয়েতের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন ও বিস্ফোরকের অবশিষ্টাংশ যে এখনো কতটা প্রাণঘাতী ঝুঁকি হয়ে রয়েছে, মর্মান্তিক এ ঘটনার মধ্য দিয়ে তা আবারও সামনে এল।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)